গোপালগঞ্জে অস্ত্র হাতে আওয়ামী লীগের মহড়া, সাঁজোয়া যান ও বক্স ভাঙচুর
- আপডেট সময় : ০৫:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 8
গোপালগঞ্জে লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বেলা ১১টা থেকে শুরু হয়ে পৌনে দুইটা পর্যন্ত চলা এই কর্মসূচি চলাকালীন শহরে অস্থিরতা ছড়িয়ে পড়ে। মিছিলে অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেট ছিল এবং তাদের হাতে থাকা দেশি অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।
বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। উত্তেজিত নেতা-কর্মীদের কয়েকজন সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। এসময় এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করা হয় এবং এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়।
তান্ডবের সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এছাড়া শহরের হাদি চত্বরের নামফলক এবং গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলকও ভেঙে ফেলা হয়। কলেজের মূল ফটকে নতুন করে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেয় দলটির সমর্থকরা। সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে এই মহড়া শুরু করেন।
























