এসপি জাহাঙ্গীরের দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 6
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার দায় পুলিশ বাহিনী বহন করবে না। এই ধরনের কর্মকাণ্ডের দায় একান্তই ওই কর্মকর্তার নিজস্ব বলে তিনি উল্লেখ করেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, জাহাঙ্গীর আলমের মতো যারা দেশবিরোধী কার্যক্রমে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাহিনীর পক্ষ থেকে এ ধরনের অপরাধের দায় নেওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিএমপি কমিশনার।
ঘটনার বিবরণ দিয়ে সিএমপি কমিশনার জানান, গত শনিবার সিএমপির কাছে একটি মামলার এজাহার জমা পড়ে। যেহেতু অভিযোগটি রাষ্ট্রদ্রোহের সাথে সম্পর্কিত, তাই আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজনীয়তা ছিল। প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলাটি দায়ের করেছেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। মামলা দায়েরের পরপরই এসপি জাহাঙ্গীর আলমকে নগরের অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন এবং এই ইউনিটের মাধ্যমেই মামলাটির তদন্ত পরিচালিত হবে। নিয়ম অনুযায়ী রোববারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাহিনীর মধ্যে কোনো মানসিক চাপ তৈরি হয়েছে কি না এমন প্রশ্নে কমিশনার বলেন, এটি চাপের বিষয় নয় বরং এটি একটি স্পষ্ট বার্তা। তিনি দৃঢ়তার সাথে বলেন, যিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন, তার ব্যক্তিগত দায় বাহিনী নেবে না।
এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীরের ব্যবহৃত মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বার্তা পাওয়া গেছে। এমনকি ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার নির্দেশনার তথ্যও সেখানে ছিল।
পুলিশ সদর দপ্তরের ফরেনসিক পরীক্ষায় এসব তথ্যের সত্যতা পাওয়ার পরই আইনানুগ ব্যবস্থা শুরু হয়। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং বাহিনীর স্পর্শকাতর তথ্য পাচার করছিলেন। ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগদান করেন। এর আগে ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে এবং তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।























