শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনার শর্তে চূড়ান্ত সিদ্ধান্ত আজ
- আপডেট সময় : ১০:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 2
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়াম যে শর্তাবলি প্রস্তাব করেছে, তা নিয়ে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে সকল শর্ত পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে তৃতীয় টার্মিনালটি চালুর লক্ষ্য নির্ধারণ করে কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে বা আংশিকভাবে টার্মিনালটির কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তবে এই পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়ায় সরকারের দেওয়া ছাড় এবং বিভিন্ন শর্ত নিয়ে বর্তমানে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় স্বার্থ, রাজস্ব বণ্টন পদ্ধতি, দীর্ঘমেয়াদী সক্ষমতা এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অবস্থান কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার পাশাপাশি সংসদীয় কমিটির বৈঠকেও আপত্তি তোলা হয়েছে।
টার্মিনাল পরিচালনার দায়িত্ব ও রাজস্ব ভাগাভাগির চুক্তির বিভিন্ন ধারা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই পরিস্থিতিতে স্পর্শকাতর বিষয়গুলো পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে বেবিচক। এদিকে, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সুযোগ ধরে রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সক্রিয় অবস্থান নিয়েছে। সংস্থাটি তাদের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার লাইসেন্সের আওতাভুক্তির আবেদন জানিয়ে গত ২৮ অক্টোবর বেবিচক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এই আবেদন করেছেন এবং ১৬ ডিসেম্বর থেকে সেবা প্রদানের জন্য প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় এয়ারলাইনসটি।
উল্লেখ্য, শাহজালালের আগের দুটি টার্মিনালে দীর্ঘদিন ধরে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে লাগেজ ডেলিভারিতে বিলম্ব, মালামাল হারানো এবং সেবার মান নিয়ে বিভিন্ন এয়ারলাইনস বারবার অসন্তোষ জানিয়ে এসেছে। এসব সমস্যার সমাধান ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকার এবার বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে যুক্ত করতে চায়। এরই অংশ হিসেবে জাপানি কনসোর্টিয়াম গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতের ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন—এই চারটি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। তবে লাগেজ সরবরাহে বিলম্ব, মালামাল হারানো, সেবার মানের দুর্বলতা, দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি নিয়ে বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইনস একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে।

























