প্রধানমন্ত্রী: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার
- আপডেট সময় : ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 3
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চলমান প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য প্রকাশ করেন।
রিজার্ভের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগে সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। সেখান থেকে বৃদ্ধি পেয়ে চলতি ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত তা ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রেমিট্যান্স খাতের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হলো রেমিট্যান্স, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই শুরু হয়েছিল। সেই সময় শ্রমিকদের বিদেশ পাঠানোর যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা আজ দেশের অর্থনীতির জন্য বড় সহায়ক।
বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার নানা ধরনের নীতিগত সংস্কার চালিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, হুন্ডি প্রতিরোধ, লেনদেন ব্যয় কমানো এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় দেশের তফসিলি ব্যাংক এবং বিদেশী এক্সচেঞ্জ হাউজগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট সহজ করা হয়েছে। এর ফলে প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প নেটওয়ার্ক তৈরি হওয়ায় প্রতিযোগিতা বেড়েছে এবং রেমিট্যান্স পাঠানোর খরচ কমেছে।
সংসদ নেতা আরও জানান, রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক নতুন সার্কুলারের মাধ্যমে গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবে সরাসরি অর্থ পাঠানোর সুযোগ করে দিয়েছে। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী মাধ্যম ব্যবহারের মাধ্যমে এই সেবা আরও সহজ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

























