গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ
- আপডেট সময় : ০৭:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 4
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি নির্ধারণসহ ৯ দফা দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ। শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এই দাবিগুলো উত্থাপন করা হয়। শনিবার (২১ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব দাবি তুলে ধরা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস ফেডারেশন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ হোসেন যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নেতারা জানান, বর্তমানে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা মেটানো প্রায় অসম্ভব। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত খরচের কারণে শ্রমিকদের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্য এবং কর্মদক্ষতার ওপর। গত কয়েক বছরে খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, পানি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে পুষ্টিকর খাবারের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিক পরিবারের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
সংগঠনটির উত্থাপিত ৯ দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ব্যবস্থা চালু এবং প্রতিটি শিল্পাঞ্চলে শ্রমিক কলোনি, হাসপাতাল ও শ্রম আদালত নির্মাণ। এ ছাড়াও কথায় কথায় ছাঁটাই বন্ধ, প্রতিটি কারখানায় স্বাস্থ্যসম্মত ডে-কেয়ার সেন্টার বাধ্যতামূলক করা এবং মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ, সরকার ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বচ্ছ ও তথ্যভিত্তিক আলোচনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সভায় নেতারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে মজুরি ইস্যুকে কেন্দ্র করে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ শিল্প খাত ক্ষতিগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি লুৎফুন্নাহার লতা, একই সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও তৃণমূল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি শামীম আহমেদ, গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক বিন্দু, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফেরদৌসী বেগম এবং কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া এপেক্স ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম সরকারসহ জয়নাল আবেদীন, আলম সরকার, খাইরুল ইসলাম, আমজাদ হোসেন ও রফিক দেওয়ানের মতো শ্রমিক নেতারা এতে অংশগ্রহণ করেন।























