ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 2
ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত থেকে ২২ বছর বয়সী মোহাম্মদ সেলিম হোসেন নামের এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির উত্তরবঙ্গের সামরিক বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে গোয়েন্দা নজরদারি চালানোর অভিযোগে তাকে বৃহস্পতিবার দুপুরে আটক করা হয়। শুক্রবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে পর্যটন ভিসায় তিনি ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ সেলিম হোসেন।
ভারতীয় পুলিশের সন্দেহ, সেলিম পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিলেন। স্পর্শকাতর এসব এলাকার তথ্য সংগ্রহের জন্যই তাকে সেখানে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। পুলিশের দাবি অনুযায়ী, দার্জিলিংয়ের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং বাগডোগরা ও হাসিমারায় অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটির ওপর নজরদারি চালাচ্ছিলেন এই যুবক। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের তদন্ত কোন পর্যায়ে রয়েছে বা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
























