ইরানে দ্রুত হামলার জন্য ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ
- আপডেট সময় : ১২:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 7
ইরানে যত দ্রুত সম্ভব সামরিক হামলা চালানোর জন্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর প্রবল চাপ প্রয়োগ করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এই তথ্য প্রকাশ করেছে। তবে প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি এবং সামরিক অভিযানের ব্যাপারে তিনি অনাগ্রহী বলেই ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, গত সপ্তাহে দেশটির জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তাদের মতে, ইরানে ইসরাইলি হামলা চালানো হলে তা বড় ধরনের আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে, যার রেশ সিরিয়া, লেবানন ও গাজায় ছড়িয়ে পড়তে পারে। ২২শে নভেম্বর দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানানো হয়, এমন পদক্ষেপ নিলে একাধিক রণাঙ্গনে যুদ্ধের বিস্তার ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।



















