বিদেশি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 0
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়ে তাদের বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রতিনিধিদল জানায়, দক্ষিণ কোরিয়ার উলসান শহরের আদলে মাতারবাড়ীকে একটি সমৃদ্ধ এনার্জি হাব হিসেবে গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে। তাদের এই বিনিয়োগ পরিকল্পনার উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জ্বালানি খাতে কোরিয়ার আগ্রহকে স্বাগত জানান।
বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান। বৈঠকে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।






















