জাতীয় গ্রিডে দ্বিতীয় দিনেও রূপপুর প্রকল্পের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ
- আপডেট সময় : ০৩:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 4
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দীর্ঘ প্রস্তুতির পর গত সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হয়। এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলমান থাকার কথা রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম গ্রিড সংযোগ কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন জানিয়েছেন, এই পরীক্ষামূলক সরবরাহ প্রক্রিয়া শেষে কারিগরি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটিকে সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। শুরুতে প্রথম ইউনিটটি ৩ শতাংশ সক্ষমতায় চালানো হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রতিদিন প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছালে প্রথম ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গ্রিডের সাথে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় পরীক্ষার কাজ শুরু হয়েছে। তিনি পরিষ্কার করেছেন যে, সঞ্চালন লাইনে বিদ্যুৎ প্রবাহের অর্থই বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। মূলত উৎপাদিত বিদ্যুতের সাথে গ্রিডের সামঞ্জস্য এবং বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। প্রথম সংযোগের পর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী পর্যায়ের কার্যক্রম নেওয়া হবে। এ সংযোগের অর্থ এই নয় যে, কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে চলে গেছে।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রথম গ্রিড সংযোগ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও জাতীয় সঞ্চালন কাঠামোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে প্রতিটি পর্যায়ে টারবাইন, জেনারেটর এবং গ্রিড ব্যবস্থার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি ধাপের সাফল্যের ওপর নির্ভর করে পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে নতুন করে অনুমোদন নিতে হবে।
বিদ্যুৎ সরবরাহ পরীক্ষার পর কেন্দ্রটিকে আবার গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রয়োজনীয় কারিগরি বিরতির পর পুনরায় ১০ থেকে ১৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরীক্ষা চালানো হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে আন্তর্জাতিক মানদণ্ড ও পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা অনুযায়ী উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি লাইসেন্স গ্রহণ ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। তবে কেন্দ্র পরিচালনার নিজস্ব সক্ষমতার প্রয়োজনে প্রতিটি ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হবে, অর্থাৎ দুই ইউনিট মিলে মোট ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হবে।
অন্যদিকে, দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী বছর নাগাদ দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এর মাধ্যমে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহারের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।























