ভালুকায় ট্রাক উল্টে একই পরিবারের পাঁচজনসহ নিহত ১০
- আপডেট সময় : ১২:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
- / 268
ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে একই পরিবারের পাঁচজনসহ ১০ জন নিহত ও দু’জন আহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহয়রাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশু ও দু’জন নারী রয়েছেন।
নিহত একই পরিবারের পাঁচজন হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার যাত্রাবাজার গ্রামের মো. আজিজুর রহমান (৪৫), তার স্ত্রী বাবেয়া খাতুন (৪২), তিন ছেলে- মেহেদী হাসান (১১), নয়ন (৯) ও সিজান ( ৩)।
নিহত বাকি পাঁচজন হলেন- ময়মনসিংহের কোতোয়ালি থানার চরশিক্ষা গ্রামের জোসনা বেগম (৬০), তার ছেলে সিরাজুল ইসলাম (১৮), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভাটারিয়া গ্রামের শুক্কুর আলী ( ৪৮) ও শাহজাহান (৪০) এবং একই জেলার সদর উপজেলার জওহরদী গ্রামের খোরশেদ আলম (৩৫)।
হাসপাতালে চিকিৎসাধীন দু’জনের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম উজ্জ্বল জানান, টানা তিন দিনের ছুটি পেয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী পণ্য বোঝাই ওই ট্রাকে করে স্বল্প আয়ের মানুষগুলো বাড়ি ফিরছিলেন।
কিন্তু অতিরিক্ত বোঝাই ওই ট্রাকটি ভোরে ভালুকার মেহয়রাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান নামে একজন মারা যান।
সংস্কার কাজের জন্য মহাসড়কটির চার লেনের মধ্যে দুই লেন বন্ধ। এ কারণে প্রায়ই এখানে দুর্ঘনায় প্রাণহানির ঘটনা ঘটছে বলেও জহিরুল ইসলাম।
খবর পেয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।
নিহতের স্বজনেরা লাশ নেয়ার জন্য ভালুকা থানায় ভিড় করছেন। জেলা প্রশাসক সরকারি খরচে বাড়িতে লাশ পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন।
একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট থানার ইউএনও এবং ওসিকে লাশ দাফনে আর্থিক সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন।
এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহের এডিএম আরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ছাড়াও সড়ক ও জনপথের একজন প্রতিনিধি এ কমিটিতে রয়েছেন।




















