নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 0
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নিজ বসতবাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামের এক যুবককে আটক করেছে এসআরবি-১১। বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোবারক ওই এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।
এসআরবি-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় মোবারক পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে বসতবাড়ির দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান এসআরবি – ১১ অপারেশন অফিসার রওনক এরফান খান।
উদ্ধার হওয়া গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি বা প্রায় ছয় ফুট এবং এর ওজন ৩ কেজি ২০০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অত্যন্ত সুকৌশলে এই মাদক গাছ চাষ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন রওনক এরফান খান। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (প্রায় ৬ ফুট ) এবং ডালপালা ও পাতাসহ এর মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
এ ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

























