ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 4
ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকাসহ আব্দুল আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভোলা জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকার বাসিন্দা। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে আসেন ওই ব্যক্তি। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তাঁর কাছে থাকা কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে ৯ ভরি ১৫ আনা ১ রতি ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়।
উদ্ধারকৃত তালিকার মধ্যে আরও রয়েছে দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, একটি তামার ব্রেসলেট এবং নগদ ৫ লাখ টাকা। ঘটনার সময় তিনি এসব মালামালের কোনো বৈধ মালিকানা বা কেনাকাটার রশিদ দেখাতে পারেননি। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের সামনে জুয়েলারি দোকানের মালিকের সহায়তায় স্বর্ণের সত্যতা যাচাই করে পুলিশ তাকে হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে এবং ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার বাসিন্দা সাম্মা তাছলিমের বাসা থেকেই এই স্বর্ণ ও নগদ টাকা চুরি করা হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মো. আব্দুল আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।
























