১১ দেশের নাগরিকদের বিনামূল্যে ভারত ভ্রমণে ই-ভিসার প্রস্তাব মোদির
- আপডেট সময় : ০৮:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 14
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা বা ই-ভিসা প্রদানের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আঞ্চলিক অংশীদারিত্ব দৃঢ় করা এবং পর্যটন খাতের প্রসারে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন তিনি। এই সুবিধার আওতায় ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও ভিয়েতনামের নাগরিকরা উপকৃত হতে পারেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবে এই প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বর্তমানে দেশভেদে ৩০ দিনের পর্যটন ই-ভিসার জন্য পর্যটকদের ১০ থেকে ২৫ ডলার পর্যন্ত ফি পরিশোধ করতে হয়। তবে এই নতুন প্রস্তাবটি কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য ভারত সফর অনেক বেশি সাশ্রয়ী ও সহজতর হবে। ২০২৫ সালে আসিয়ান দেশগুলো থেকে আট লাখের বেশি পর্যটক ভারত ভ্রমণ করেছেন, যা পর্যটন খাতে এই অঞ্চলের গুরুত্বের প্রমাণ দেয়। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ভারতের ই-ভিসার ফি ভিসার ধরন ও আবেদনকারীর জাতীয়তার ওপর নির্ভর করে। ২০২৫ সালে আসিয়ানভুক্ত দেশগুলো থেকে ৮ লাখের বেশি পর্যটক ভারত ভ্রমণ করেছেন।
তবে এই ভিসা সুবিধা কবে নাগাদ থেকে কার্যকর হবে বা কাদের জন্য এই সুবিধা সুনির্দিষ্টভাবে প্রযোজ্য হবে, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হয়নি। ভারত মনে করছে, পর্যটন ফি মওকুফ করা হলে এ অঞ্চল থেকে পর্যটকদের আসার হার উল্লেখযোগ্য হারে বাড়বে। ফলে দীর্ঘমেয়াদে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে এবং ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে ভারতের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে মোদি বেশ কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেছেন।
























