ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান
- আপডেট সময় : ১১:৪০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 0
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার যে স্বঘোষিত নিয়ম ছিল, তা আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে ইরান আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি স্পষ্ট করে বলেন, ‘আমাদের জন্য ওই বিধিনিষেধটি এখন আর কার্যকর নয়।’ যদিও বর্তমানে ইরানের কাছে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র রয়েছে এমন তথ্য এখনো পাওয়া যায়নি।
দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি কিছুদিন আগেই সতর্কবার্তা দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের দিক থেকে যেকোনো ধরনের হুমকি এলে তার জবাব দেওয়া হবে, যার কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। ওই সতর্কবার্তার পরেই আইআরজিসির এই নতুন ঘোষণাটি সামনে এল।
এদিকে, মার্কিন কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ইরান তাদের মহাকাশ কর্মসূচিতে যে প্রযুক্তি ব্যবহার করছে, তা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এমন প্রযুক্তি ব্যবহারের সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতে তেহরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র উদ্ভাবনে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইরানকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে।























