পিস বোর্ড: গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে
- আপডেট সময় : ১১:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 4
গাজা শান্তি পরিষদের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করেছেন যে, ২০ দফা পরিকল্পনার অধীনে ইসরাইল যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে গাজার প্রশাসনিক দায়িত্ব পুনরায় জাতিসংঘের কাছে ফিরিয়ে দেওয়া হতে পারে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের কাছে ট্রাম্প প্রশাসনের নিয়োগপ্রাপ্ত এবং হোয়াইট হাউসে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই উপদেষ্টা জশ গ্রুয়েনবাম তার উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে জানান যে, ইসরাইলি নেতৃত্ব তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এলে গাজার চাবিকাঠি জাতিসংঘের হাতে ন্যস্ত করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকবে না।
গ্রুয়েনবামের দাবি অনুযায়ী, গাজা শান্তি পরিষদ ইসরাইলকে যথেষ্ট সময় ও সুযোগ দেওয়ার পরেও ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে নেতানিয়াহুর প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইলের দীর্ঘসূত্রতা ও ব্যর্থতাকে তিনি হতাশাজনক বলে উল্লেখ করেন। বর্তমানে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করে তিনি জানান, নেতানিয়াহু সরকারের অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক পক্ষ শান্তি প্রক্রিয়ার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এ কারণে হামাস তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্র সমর্পণ এবং শাসনক্ষমতা হস্তান্তর করবে কি না, তা যাচাই করার সুযোগও মিলছে না।
গত সপ্তাহে ইসরাইল সফরকারী পরিষদের সদস্যদের তৈরি একটি উপস্থাপনা বা প্রেজেন্টেশনে বিকল্প পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, বর্তমান পরিকল্পনা পরিত্যক্ত হলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন গাজা পুনর্গঠনে ভিন্ন কৌশলে এগোতে পারে। এছাড়া গাজার দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হাতে ন্যস্ত করা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর, অথবা হামাসের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা—এমন বিভিন্ন পরিস্থিতির কথা ভাবা হচ্ছে। সর্বশেষ বিকল্প হিসেবে গাজার মানবিক ও প্রশাসনিক সব দায়দায়িত্ব সরাসরি ইসরাইলের ওপর চাপিয়ে দেওয়ার বিষয়টিও রাখা হয়েছে।
প্রেজেন্টেশনের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে হামাস আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল। সংগঠনটি তখন অস্ত্র সমর্পণ এবং গাজার শাসন ক্ষমতা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর কাছে হস্তান্তরের বিষয়ে সম্মত হয়েছিল। সেই কারিগরি কমিটির দায়িত্ব নেওয়ার কথা থাকলেও কার্যকর হয়নি। বর্তমানে ইসরাইলি নেতৃত্বের রাজনৈতিক অবস্থানের কারণে পুরো শান্তি প্রক্রিয়াটি স্থবির হয়ে পড়েছে বলে পরিষদ সদস্যরা মনে করছেন।


























