মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান
- আপডেট সময় : ০৫:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 1
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ায় ইরানে সাধারণ মানুষ ও সরকারি মহলে স্বস্তির বার্তা দেখা দিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মার্কিন ভোটারদের এই রায়কে তেহরান ডোনাল্ড ট্রাম্পের একটি বড় পরাজয় হিসেবে মূল্যায়ন করছে।
নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়ায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে রায় দিয়েছে এবং আমরা এই বার্তার প্রতি সমর্থন জানাই। একইসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন প্রশাসন যদি এই পরিবর্তনের জনমতকে উপেক্ষা করে, তবে তারা অচিরেই বুঝতে পারবে যে আমাদের ‘না’ কতটা ভয়াবহ পরিণতির জন্ম দেয়।
তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মার্কিন নীতির মৌলিক পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন না। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ফের পূর্ণাঙ্গ মার্কিন সামরিক অভিযান শুরু হওয়া নিয়ে শঙ্কা কাটেনি, যার ফলে যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে, আমেরিকা ও ইরানের বিদ্যমান শত্রুতার আবহেই বুধবার তেহরানে ১৯৭৯ সালের মার্কিন দূতাবাস দখলের বর্ষপূর্তি পালন করা হয়। সরকারি উদ্যোগে আয়োজিত এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরায়েলি পতাকা পুড়িয়ে ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

























