মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস
- আপডেট সময় : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 0
ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ২০২৭ সালের গ্রীষ্মকালীন ফ্লাইট সূচিতে জায়গা পায়নি পশ্চিম এশিয়ার ১২টি আন্তর্জাতিক এয়ারলাইনস। আগামী বছরের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সূচিতে জায়গা না পাওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে এয়ার আরবিয়া, ওমান এয়ার, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজের মতো পরিচিত নাম। বর্তমানে এসব এয়ারলাইনস মুম্বাই থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করলেও নতুন তালিকায় তাদের অনুমতি না মেলায় এভিয়েশন খাতে তীব্র অসন্তোষ ও আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাই বিমানবন্দরে গ্রীষ্মকালীন ফ্লাইট পরিচালনার জন্য মোট ৫০টি এয়ারলাইনস স্লটের আবেদন করেছিল। এর মধ্যে ৩৮টি সংস্থা প্রয়োজনীয় অনুমতি পেলেও ১২টি পশ্চিম এশীয় সংস্থার আবেদন খারিজ করা হয়েছে। বাদ পড়া এসব এয়ারলাইনস বর্তমানে প্রতিদিন ১৪টি শহরে ১৬টি ফ্লাইট পরিচালনা করে, যার মধ্যে বাহরাইন, দোহা ও দাম্মাম অন্যতম। এই সিদ্ধান্তের ফলে যাত্রী পরিবহন ও ফ্লাইট চলাচলের সূচি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মুম্বাই বিমানবন্দরের এয়ারলাইন অপারেটর্স কমিটি (এওসি) এই সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানিয়েছে। কমিটির পক্ষ থেকে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব সমীর সিনহাকে ই-মেইল পাঠিয়ে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। এওসির আশঙ্কা, এই সিদ্ধান্ত বহাল থাকলে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাধ্য হয়ে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থানান্তর করতে হবে অথবা মুম্বাই বিমানবন্দর থেকে তাদের পরিসেবা পুরোপুরি বন্ধ করে দিতে হবে।
প্রতি বছর দুবার গ্রীষ্মকালীন ও শীতকালীন ফ্লাইট সূচি ঘোষণা করা হয় এবং এর জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আগাম স্লট আবেদন করতে হয়। কিন্তু এবার তালিকা প্রকাশের ক্ষেত্রে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (মিয়াল) আদৌ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে এওসি। আদানি এয়ারপোর্ট হোল্ডিংস ও বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত মিয়াল-এর এ ধরনের সিদ্ধান্তের বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত অবস্থান এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার জন্য জোরালো দাবি জানিয়েছে অপারেটর্স কমিটি।
























