রাশিয়ায় লাদোগা বিমান প্রকল্প কি বাতিল?
- আপডেট সময় : ১২:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 20
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
রাশিয়ার আঞ্চলিক রুটের জন্য নির্মাণাধীন টিভিআরএস-৪৪ ‘লাদোগা’ টার্বোপ্রপ উড়োজাহাজ প্রকল্প স্থগিতের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি ইউরাল ওয়ার্কস অব সিভিল এভিয়েশন (ইউডব্লিউসিএ)। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, উন্নয়নের বর্তমান পর্যায়ে এই প্রকল্প বন্ধ করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং উড়োজাহাজটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফল করতে বর্তমানে পুরোদমে কাজ চলছে।
এর আগে ইউডব্লিউসিএ-এর পরিবহন উড়োজাহাজ বিভাগের প্রধান নকশাকার সের্গেই মেরেঙ্কভ সাংবাদিকদের জানিয়েছিলেন যে লাদোগা প্রকল্পটি স্থগিত করা হয়েছে এবং এই উড়োজাহাজ ও এর সমস্ত বৈজ্ঞানিক-প্রযুক্তিগত দক্ষতা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ইউডব্লিউসিএ কর্তৃপক্ষ সেই বক্তব্যকে নাকচ করে দিয়ে নতুন সম্ভাবনার কথা জানিয়েছে। তারা এখন লাদোগা উড়োজাহাজটিকে একটি কার্গো বা পণ্যবাহী সংস্করণে রূপান্তর করার বিষয়টি খতিয়ে দেখছে। মূলত একই ক্যাটাগরির ‘ইল-১১৪-৩০০’ আঞ্চলিক উড়োজাহাজের উচ্চ প্রস্তুতি এবং বাজারে এই ধরনের উড়োজাহাজের সীমিত চাহিদার কথা বিবেচনা করেই তারা বিকল্প হিসেবে পণ্যবাহী সংস্করণের কথা ভাবছেন। প্রধান নকশাকার মেরেঙ্কভও অবশ্য আগে উল্লেখ করেছিলেন যে, টিভিআরএস-৪৪ উড়োজাহাজটির ওপর ভিত্তি করে কার্গো র্যাম্প সংস্করণ, সাইড ডোরযুক্ত কার্গো মডেল অথবা যাত্রীবাহী সংস্করণ তৈরির পরিকল্পনা তাদের রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস




















