শাহজালালে ৩২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট সময় : ১২:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 3
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ৬ ও ৭ নভেম্বর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে এসব অভিযান চালানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে। তবে এসব সিগারেটের মালিক কে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি। দুটি অভিযানে জব্দ করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে সুলতানা রাজিয়া নামের এক যাত্রী ঢাকায় আসেন। বিমানবন্দরে তল্লাশিকালে তাঁর ব্যাগেজ থেকে ৯০ পিস ভেপ, ১২ কেজি গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার রেকর্ড রয়েছে। ব্যাগেজ বিধিমালার আওতায় এক বছরের মধ্যে দ্বিতীয়বার স্বর্ণ আনার নিয়ম না থাকায় এসব পণ্য জব্দ করা হয়। অর্থাৎ একই বছরে দ্বিতীয়বারের মতো স্বর্ণালংকার নিয়ে দেশে আসেন তিনি। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, নির্ধারিত নিয়মের বাইরে দ্বিতীয়বার স্বর্ণালংকার আনার কারণে তা জব্দ করা হয়েছে।
অপরদিকে ৭ নভেম্বর কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটে আসা ১৬৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। বিমানবন্দর টার্মিনালের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া সিগারেটগুলো কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জব্দ করলেও এর মালিকের পরিচয় পাওয়া যায়নি। এসব পণ্য নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যাত্রীদের ব্যাগেজ পরীক্ষা এবং পরিত্যক্ত মালামালের ওপর নজরদারির মাধ্যমে অবৈধ পণ্য শনাক্তে কাজ করছেন তাঁরা।
বিমানবন্দরকে চোরাচালানমুক্ত রাখতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তাদের নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে। শুল্ক ফাঁকি রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যসহ আইনত নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ ঠেকাতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি ও নিয়মিত অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।





















