সৌদিগামী ফ্লাইটে সর্বোচ্চ সতর্কতা ও যাত্রীসেবার নির্দেশ
- আপডেট সময় : ০৩:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 0
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটির যেকোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সোমবার (১২ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে উদ্ভূত নিরাপত্তা সমস্যার কারণে বিমান চলাচলের সময়সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কোনো ফ্লাইট বাতিল, বিলম্বিত কিংবা সময়সূচি পরিবর্তিত হলে তা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জানাতে হবে। এ কাজে এয়ারলাইনসগুলোর নিজস্ব ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, খুদে বার্তা, ই-মেইল এবং ফোনকলসহ সব ধরনের যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রীদের ফ্লাইটের হালনাগাদ তথ্য, টিকিট পুনরায় বুকিং, অর্থ ফেরত কিংবা যাত্রার পরিবর্তিত সময় সম্পর্কে স্বচ্ছ ও নির্ভরযোগ্য ধারণা দিতে হবে। এছাড়া ভিসার মেয়াদ বাড়াতে বা অভিবাসন সংক্রান্ত জটিলতায় যাত্রীদের সৌদি কর্তৃপক্ষ ও ঢাকার সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগে সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।
বিমানবন্দরে অবস্থানরত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়টিও নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে না জেনে বিমানবন্দরে চলে আসা যাত্রীদের জন্য পর্যাপ্ত বসার জায়গা, বিশুদ্ধ পানীয় জল ও খাবারের ব্যবস্থা করার নির্দেশনা রয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং ঝুঁকিপূর্ণ যাত্রীদের প্রতি বাড়তি নজর দিতে এয়ারলাইনসগুলোকে অনুরোধ জানানো হয়েছে। কোনো যাত্রীকেই বিমানবন্দরে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না এবং প্রত্যেকের সঙ্গে সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।
ফ্লাইট বিপর্যয়ের পরিস্থিতি সামাল দিতে প্রতিটি এয়ারলাইনসকে একজন নির্দিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ওই কর্মকর্তার নাম, পদবি, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দ্রুত বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা বিভাগকে প্রদান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মকর্তাকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রস্তুত থাকতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে নিয়মিত রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করা হয়। সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সরাসরি বা ট্রানজিট ফ্লাইটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমাতে এই নির্দেশগুলো অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।























