২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
- আপডেট সময় : ১০:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 1
পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া এবং সেখানকার ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কারের উদ্যোগ নিলে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী, এমনটি ঘটলে যুক্তরাজ্যে কর্মরত ২৭ জন ইসরাইলি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের বহিষ্কার করা হবে। এ বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ ইসরাইলকে কড়া বার্তা দিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে সোমবার দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য প্রকাশ করেছে। রয়টার্সকে বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর-এর নির্দেশে আগামী ৮ অক্টোবর কনস্যুলেটটি বন্ধ হওয়ার কথা রয়েছে। পশ্চিম তীরে ইসরাইলি কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ব্রিটেনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটেই এমন সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল গত সপ্তাহে গোপনে ইসরাইল সফর করেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, তিনি ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কনস্যুলেটটি খোলা রাখার বিষয়ে আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
ব্রিটেন সম্প্রতি পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থী বসতিস্থাপনকারীদের হামলার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সরকারের ভাষ্যমতে, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে বা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। আগামী বছর থেকে এসব নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
এদিকে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর। তিনি ব্রিটেনের নিষেধাজ্ঞাকে নৈতিকভাবে বিকৃত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, ক্ষমতাসীন লেবার পার্টি ইসরাইলের প্রতি বৈরী আচরণ করছে। তিনি আরও দাবি করেন, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ইসরাইলের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে ব্রিটিশ সরকার। উল্লেখ্য, পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় অবস্থিত এই কনস্যুলেটটি ফিলিস্তিনি জনগোষ্ঠীসহ পশ্চিম তীর ও গাজার সঙ্গে ব্রিটিশ সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং নিয়মিত কনস্যুলার সেবা প্রদান করে থাকে।

























