সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ ১৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ১১:২৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
- / 272
সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাতজন, ব্রাহ্মণবাড়িয়ায় এক সাবেক ইউপি মেম্বারসহ অটোরিকশার দুই আরোহী, কক্সবাজারের চকরিয়ায় এক নারীসহ তিনজন, শেরপুরের ঝিনাইগাতীতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি : পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আলুটিলা পর্যটনকেন্দ্রের কাছে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, তার হাসপাতালে সাতজনের লাশ নেওয়া হয়েছে। ট্রাকচাপায় অনেকেরই দেহ থেঁতলে গেছে।
আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে আনার পর ববি মার্মা নামে ৩৫ বছরের একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- মহালছড়ির চৌংড়াছড়ি এলাকার নেইম্রা মার্মা (৪০), উক্রাচিং মার্মা (৩৫) উচনু মার্মা (১৮) ও মাটিরাঙার তবলছড়ি এলাকার পুলু মার্মা (১৬)। এদের মধ্যে উচনু মারমা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মাটিরাঙা উপজেলার আলুটিলা সাংসক নগর বৌদ্ধ বিহারের ধর্মগুরু ভদন্ত চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ ওই এলাকায় জড়ো হয়েছিলেন। বিহারে উপরে ও নিচে মানুষের ঢল নামার পাশাপাশি সড়কের পাশে মেলার মতো দোকান বসিয়েছিলেন অনেকে।
চট্টগ্রাম থেকে পাথর নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে বিহার এলাকায় এসে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে তার গাড়ি রাস্তার পাশে এক ঝালমুড়ি বিক্রেতাকে ঘিরে তৈরি হওয়া ভিড়ের মধ্যে উঠে যায় এবং হতাহতের ঘটনা ঘটে বলে সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় এক সাবেক ইউপি মেম্বারসহ অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। হতাহতহরা সবাই অটোরিকশার যাত্রী।
সদর উপজেলার সুহিলপুর মীরহাটি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো.মঈনুর রহমান জানান।
নিহতরা হলেন সদরের নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের সাবেক মেম্বার মো.বাসু মিয়া (৬৮) ও সবুজ মিয়া (২২)। আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি মঈনুর বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে শহরের দিকে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী বাসু মিয়া নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সবুজের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
কক্সবাজার : চকরিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের আরো সাত আরোহী দগ্ধ হয়েছেন বলে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে মাইক্রোচালকও রয়েছেন বলে পুলিশের ভাষ্য।
পরিদর্শক কামরুল বলেন, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।
দগ্ধদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা কামরুল জানিয়েছেন।
শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে শুক্রবার সকালে বাসের ধাক্কায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। নিহত ছাত্ররা হলেন শ্রীবরদী উপজেলার ছনকান্দা গ্রামের সামছুল হকের ছেলে সাইফুল (১৩) ও শহীদ মিয়ার আবু হামজা (১৩)। তারা ৬ষ্ঠ ও ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জেলার শ্রীবরদী পৌর এলাকার ছনকান্দা থেকে স্থানীয় ২০ স্কুল শিক্ষার্থী পিকআপ ভ্যানে করে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগর মাটিয়াকুড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
ঝিনাইগাতীর থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। চালককে আটক করা সম্ভব হয়নি।




















