ময়মনসিংহে আবারো বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ
- আপডেট সময় : ১২:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / 130
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেনের একটি বগি কেওয়াটখালী এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে করে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
লোকোসেডের ইনচার্জ মো: আবদুর রহিম জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদি হাসান বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এছাড়া অন্যান্য লোকাল ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সকালে ময়মনসিংহের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পড়ে। বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরপর ১৭ ডিসেম্বর সকালে ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেনের একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে ময়মনসিংহ ভৈরব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়।
বিডিসংবাদ/এএইচএস


























