পিলখানা ট্র্যাজেডিতে চোখের জলে নিহতদের স্মরণ
- আপডেট সময় : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
- / 251
আজ ২৫ ফেব্রুয়ারি। ইতিহাসের নারকীয় পিলখানা হত্যাযজ্ঞের আট বছর পূর্ণ হলো আজ শনিবার। পিলখানা ট্রাজেডির ৮ম বার্ষিকীতে ওই ঘটনায় নিহতদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। একইসঙ্গে তিন বাহিনীর প্রধানসহ নিহতদের স্বজনরা চোখের জলে ওই ঘটনায় শহীদদের স্মরণ করছেন।
সকাল ৯টার দিকে বনানীর সামরিক কবরস্তানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন। প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বীর বিক্রম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধান, বিজিবির প্রধান ও বিডিআর বিদ্রোহে নিহতদের স্বজনরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বজনদের শ্রদ্ধা নিবেদনের সময় কবরস্থানে এক হ্দয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
তিন বাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিজিবির পক্ষ থেকে বাহিনীটির প্রধান মেজর জেনারেল আবুল হোসেন শ্রদ্ধা জানান । এরপর নিহতদের স্বজনরা শ্রদ্ধা জানান।
দিবসটি পালনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে পিলখানায় নিহতদের জন্য দোয়া, মিলাদ মাহফিল, সমাধিতে ফুল দেওয়ার মতো কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে।

























