মহিলা আ.লীগের নেতৃত্বে সাফিয়া-ক্রিক
- আপডেট সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
- / 291
নতুন নেতৃত্ব নির্বাচনে ১৪ বছর পর সম্মেলনে মহিলা আ. লীগ। সংগঠনটির নতুন সভাপতি হয়েছেন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদা বেগম ক্রিক।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনা সম্মেলন উদ্বোধনের পর কাউন্সিল অধিবেশনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহযোগী সংগঠনের কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করেন।
ঢাকা উত্তর মহিলা লীগের সভাপতি হয়েছেন শাহিদা তারেখ দিপ্তি, সাধারণ সম্পাদক হয়েছেন শবনম শীলা। দক্ষিণে সভাপতি হয়েছেন সাবেরা বেগম, সাধারণ সম্পাদক নার্গিস রহমান।
সকালে আওয়ামী লীগ সভানেত্রীও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করেন।
বিকালে কাউন্সিল অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় নেতা নির্বাচনের জন্য নাম প্রস্তাব চান ওবায়দুল কাদের।
সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক পিনু খান ও সহসভাপতি সাফিয়া খাতুনের নামের প্রস্তাব আসে। সাধারণ সম্পাদক পদে ক্রিকের পাশাপাশি শিরিন রোখসানা ও মোর্শেদা বেগম লিপির নাম প্রস্তাব করা হয়।
প্রস্তাবিত নাম থেকে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে, বলেন ওবায়দুল কাদের।
মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালের ১২ জুলাই। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও ফজিলাতুন্নেসা ইন্দিরা সাধারণ সম্পাদক হন। পরে পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন।


























