ভারতে তরুণদের গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জাতীয় যুবশক্তির
- আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 1
ভারতে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের দাবিতে তরুণ প্রজন্মের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ‘জাতীয় যুবশক্তি’। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি দেশটিতে চলমান আন্দোলনের কর্মীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে জনপ্রিয় ইউটিউবার ও অধিকারকর্মী ধ্রুব রাঠি এবং কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ আন্দোলনের সঙ্গে জড়িত নেতাকর্মী ও বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে আটকের ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জাতীয় যুবশক্তির মতে, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের নীতি, নির্বাচনব্যবস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে সমালোচনা এবং অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এই মৌলিক অধিকার চর্চার অপরাধে আন্দোলনকারীদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শন কিংবা রাষ্ট্রীয় শক্তির প্রয়োগ কোনোভাবেই গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বিশ্বাস করে, তরুণ সমাজের ন্যায়সংগত দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমন-পীড়ন দিয়ে স্তব্ধ করা সম্ভব নয়। উল্টো এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকে সংকটাপন্ন করে তোলে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
ভারতে নির্বাচনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে তরুণদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে এর প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি। তারা জানিয়েছে, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে বাধা সৃষ্টি করা অনভিপ্রেত। যেকোনো গণতান্ত্রিক সংকট নিরসনে দমনমূলক পদক্ষেপের পরিবর্তে সংলাপ, স্বচ্ছতা এবং আইনের শাসনই একমাত্র পথ হওয়া উচিত বলে মনে করে জাতীয় যুবশক্তি।
সংগঠনটি ভারতীয় কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে আটককৃত আন্দোলনকারীদের গ্রেপ্তারের সুনির্দিষ্ট আইনগত কারণ প্রকাশের দাবি জানিয়েছে। একই সঙ্গে, যাঁদের আটকে রাখার কোনো বৈধ ভিত্তি নেই, তাঁদের নিঃশর্ত মুক্তি এবং সবার আইনসম্মত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের হয়রানি বন্ধ করে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্যও তারা জোর দাবি তুলেছে। জাতীয় যুবশক্তির ভাষ্যমতে, গণতন্ত্রের মূল শক্তি ভিন্নমত দমন করার মধ্যে নেই, বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও জনগণের অধিকার সুরক্ষার মধ্যেই প্রকৃত গণতন্ত্রের বিকাশ ঘটে। ভারতের তরুণ প্রজন্মের এই লড়াইয়ের প্রতি তারা সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।


























