বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী
- আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / 140
আনন্দমেলা প্রতিবেদক
টেলিভিশন নাটক এবং থিয়েটারের জনপ্রিয় মুখ অভিনেতা টুটুল চৌধুরী বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত পরিচালক (জিএম) পদে কর্মরত ছিলেন।
রবিবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে টুটুল চৌধুরীকে পরিচালক পদে পদোন্নতি পত্র দেয়া হয়েছে। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
টুটুল চৌধুরী বলেন, ছোটবেলা থেকে প্রয়াত আবদুল্লাহ আল মামুন ভাইয়ের থিয়েটারে যুক্ত ছিলাম। ব্যাংকে চাকরি করলেও অভিনয়ের প্রতি বিশেষ টান অনুভব করি। যেহেতু চাকরির পাশাপাশি অভিনয় করতে হয় তাই ছুটির দিনে বিশ্রাম না নিয়ে শুটিং করেছি। দুটো মেইনটেইন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে; এখনো করে যাচ্ছি।
পাঁচ শতাধিক সিঙ্গেল নাটকের এ অভিনেতা বলেন, ব্যাংক এবং মিডিয়া দুই মাধ্যমেই কলিগরা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। তাদের কাছে সবসময় কৃতজ্ঞতা জানাই।
১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন টুটুল চৌধুরী। অভিনয় ও চাকরির পাশাপাশি তিনি একাধারে একজন শিক্ষানুরাগীও। নিজ এলাকায় রাজধানীর দোলাইরপারে সহজপাঠ নামক একটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা।
প্রসঙ্গত, ২০২২ সালে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় টুটুল চৌধুরীকে। তার আরেক ছবি ‘কানামাছি’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিডিসংবাদ/আতে


























