আলোচনায় নেই রোশান
- আপডেট সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / 207
আনন্দমেলা প্রতিবেদক
এখন পর্যন্ত দর্শকপ্রিয়তা তৈরি না হলেও চিত্রনায়ক জিয়াউল রোশান সম্ভাবনাময়ী তারকা হয়ে ওঠার সামর্থ্য রাখেন এমনটা বিশ^াস ইন্ডাস্ট্রির। এবার ঈদে মেগাস্টার শাকিবের সঙ্গে তার ‘রিভেঞ্জ’ মুক্তি পেয়েছে। স্বভাবতই যে উত্তেজনা থাকার দরকার ছিলো রোশানের ক্ষেত্রে দেখা গেছে এর বিপরীত চিত্র। মনে হয়েছে বড় তারকার মুখোমুখি হতে একেবারেই প্রস্তুত নন এই অভিনেতা। যে কারণে প্রচারণায় খুব বেশি তাকে পাওয়া যায় নি। নিজেকে ঠিক সেভাবে মেলে ধরতে পারেন নি রোশান। বরাবরই সাংবাদিক বিমুখ এই অভিনেতা সম্প্রতি সিনেমা মুক্তি উপলক্ষে একটি অনলাইন পোর্টালকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও নেই তারকাসুলভ কথাবার্তা। ওই পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে রোশান বলেছেন জীবনের অনেক ভালোলাগা-মন্দলাগার কথা। সাক্ষাৎকার গ্রহীতার ‘জুটি বাঁধা নায়িকাদের সঙ্গে অনেক নায়কের বিভিন্ন ধরনের সম্পর্কের গুঞ্জন ওঠে, আপনার বেলায় শুনি না কেন?’- এমন প্রশ্নের জবাবে রোশান বলেন, ‘আমি এ ধরনের রিউমার বা আলোচনা আমি পছন্দ করি না। অনেকেই অনেক অযাচিত আলোচনা তৈরি করতে চায়। তবে আমি এর সুযোগ দেই না। কেউ কেউ এমনও বলেছেন, রিউমার বা আলোচনা-সমালোচনা না ছড়ালে খবরের শিরোনামে থাকা যায় না। সবার এমন কথার জবাবে আমি বলি- এ ধরনের আলোচনা আমি মোটেই পছন্দ করি না।’
রোশান আরও বলেন, ‘অনেকে বলেন ভাই একটা আলোচনা তৈরি করে দেই। যেটা অনেকেই করে। এ করে অনেকেই আলোচনায় থাকতে চায়। এমন আলোচনা যারা তৈরি করে দিতে চায় আমি তাদেরকে পরিষ্কার জানিয়ে দেই- আমার কাছে এসব আলোচনা ভালো লাগে না। যার সঙ্গে আমার প্রেম বা কোনো ধরনের সম্পর্ক নেই, আমি কেনো বলতে যাব আমার অমুকের সঙ্গে সম্পর্ক আছে। অমুকের সঙ্গে আমার প্রেম আছে বলে নিউজ করালাম। কয়দিন পর আবার গিয়ে বললাম এগুলো ভুয়া ছিল। আমি আবারও বলছি এ ধরনের আলোচনা বা প্রচার আমার প্রয়োজন নেই।’
এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’। এটি নির্মাণ করেছেন এমডি ইকাবাল।
রোশান মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। তিনি ‘রক্ত’ সিনেমার মাধ্যমে ২০১৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ‘রক্ত’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন পরীমণি। এটি বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘ধ্যাততেরিকি’ তার দ্বিতীয় সিনেমা। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ককপিট’। অভিনেতা দেব প্রযোজিত এ সিনেমা রোশান দেবের সাথে পার্শ্ব ভূমিকায় রূপদান করেন।
বিডিসংবাদ/আতে


























