সরকার পতনে ভোল পাল্টালেন অপু বিশ্বাস
- আপডেট সময় : ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / 172
আনন্দমেলা প্রতিবেদক
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনে অনেকেই অবস্থান ব্যাখ্যা করছেন। এ আন্দোলনে সমর্থন না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত ছিলেন ভোল পাল্টানো অন্যান্য অভিনয় শিল্পীর মতো অপু বিশ^াসও। তবে তারপরও চুপচাপ ছিলেন এই অভিনেত্রী। অবশেষে আলোচনায় এলেন মাত্র ১০০ টাকায় ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমা থেকে সরে আসার খবরে।
জানা গেছে, চলতি বছর জানুয়ারিতে মাত্র ১০০ টাকায় ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার।
সে সময় এর নির্মাতা সালমান হায়দার বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।
তবে এখন অপু বিশ্বাস গণমাধ্যমকে জানান, সিনেমাটিতে আর নেই তিনি। জানান, অনেক আগেই কাজটি থেকে সরে এসেছেন তিনি। আর সিনেমাটির ব্যাপারে এখন কিছুই জানেন না তিনি।
অপু বিশ্বাসের দাবি, চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা সিনেমার প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।
তিনি আরো বলেন, চুক্তির কিছু দিন পর দেখলাম, সিনেমার প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।
এদিকে শুটিংয়ের বিষয়ে সিনেমার পরিচালক সালমান হায়দার বলেন- অপু বিশ্বাস যা বলছেন এটার কোনো ভিত্তি নেই। মূলত আমি নিজেই করছি না এই প্রজেক্ট। আমার মনে হয় গত শাসনামলে সুযোগ-সুবিধাপ্রাপ্ত অপু বিশ্বাস নিজেকে স্বচ্ছ প্রমাণ করতেই এই নাটক শুরু করেছেন।
তবে চুক্তির পরপরই অপু বিশ্বাসও বলেছিলেন, সিনেমার গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।
তবে নিন্দুকেরা বলছেন ভিন্ন কথা- ওই সময় অপু বিশ^াস ১০০ টাকায় রাজি ছিলেন কারণ মুজিব সিনেমায় এক টাকা পারিশ্রমিক নিয়ে আরেফিন শুভ আলোচিত হন। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হওয়ায় সরকার তাকে ১০ কাঠার প্লট দেয়। এরই ধারাবাহিকতায় অপু বিশ^াস সরকার ঘরানার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের জন্য ১০০ টাকা পারিশ্রমিকে রাজি হন। এখন সরকার পতনে সেও ভোল পাল্টে ফেলেছে।
বিডিসংবাদ/আতে


























