সিনেমা রিলিজের বিষয় নিয়ে কারো সঙ্গে কথা হয়নি: উপল
- আপডেট সময় : ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / 140
আনন্দমেলা প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনে পর জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের হিড়িকের খবরে বুধবার হঠাৎ করেই বিতর্কিত পলাতক চিত্রনায়িকা নিপুণ আক্তারের একটি খবরে নিজের বক্তব্য দেখে হতাশ হয়েছেন প্রয়াত দেশবরণ্যে গীতিকবি ও নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল। কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ওই খবরে দেখা যায়- ‘আপোসহীন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যে বেগম খালেদার চরিত্রে নিপুণ অভিনয় করেছেন। যার প্রযোজক চিত্রনায়ক হেলাল খান। আর এটি নির্মাণ করেছেন গাজী মাজহারুল আনোয়ার। ছবিটি রিলিজের ব্যাপারে প্রকাশিত বক্তব্যকে ‘অসত্য’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন উপল।
বলেন, ‘প্রথমত তথ্যচিত্রটি আব্বা অনেক আগে করছেন বলে আমি জানি। এরবেশি জানার কথা নয় আমার। দ্বিতীয়ত এটা হেলাল আঙ্কেলের প্রযোজনার। তাই এটা রিলিজের ব্যাপারে দায়দায়িত্ব তার। কেউ আমার সঙ্গে কথাও বলেনি কিংবা আমিও কারো সঙ্গে কথা বলিনি। তাই গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করি।’
তিনি বলেন, এ ব্যাপারে গণমাধ্যমের পেশাদারিত্বের পরিচয় দেওয়া উচিৎ ছিলো। কারণ এভাবে অনুমতি ছাড়া বক্তব্য কোড করা অনুচিত। আর এটা পলিটিক্যাল ইস্যু, সেখানে আমি ননপলিটিক্যাল ফিগার হয়ে কেন যাবো এমন বক্তব্য দিতে? তাই প্রকাশিত খবরে নিজের নাম দেখে আমি হতাশ হয়েছি। বিষয়টি নিয়ে হেলাল আঙ্কেলের সঙ্গে কথাও বলেছি সে আমাকে জানিয়েছে খবরটি প্রকাশে তার নিজের কোনো বক্তব্য কেউ নেয়নি।
এদিকে নাম প্রকাশ অনিচ্ছুক নিপুণের ঘনিষ্ট বলে পরিচিত এক নায়িকা নিশ্চিত করেছেন- রাজনৈতিক পটপরিবর্তনে নিপুণ বিএনপির সঙ্গে পর্দায় জড়িয়ে আছেন এটা বোঝাতেই খবরটি ছড়িয়ে দিয়েছেন। এতে করে বিগত সরকারের সময়ে তার অনৈতিক কর্মকান্ডগুলো যদি চাপা দেওয়া যায় সেই আসায়।
বিডিসংবাদ/আতে


























