ছনুয়া-ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১১:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 245
বিডিসংবাদ প্রতিবেদক
ফেনীর ছনুয়া-ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন অনুষ্ঠান। শুক্রবার ( ৫ আগষ্ট, ২০২৫) সকাল থেকে বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.বি.এম হারুন। তিনি নবনির্মিত শহীদ মিনারের উন্মোচন করেন এবং ভাষণ প্রদান করেন।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ভাষা শহীদদের প্রতি সম্মান, ভালোবাসা এবং দেশের প্রতি দায়িত্ববোধের প্রতীক। ছনুয়া-ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মিনারকে কেন্দ্র করে দেশপ্রেম, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।” তিনি বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব এ.বি.এম এমরান। তিনি বলেন “১৯৭৩ সালে প্রতিষ্ঠিত আমাদের এই বিদ্যালয় এলাকার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আজ শহীদ মিনার উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি নতুন এক গৌরবের ইতিহাসে যুক্ত হলো।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মুনজারিন শাহনাজ নোভেরা, ডাঃ রেহান হাবিব। তাঁরা ভাষা শহীদদের স্মরণে ছাত্রছাত্রীদের সচেতন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা রাশেদা আক্তার (রীতা) বলেন “শহীদ মিনার আমাদের সত্তার অংশ। শিক্ষার্থীরা যেন ভাষা শহীদদের আদর্শ বুকে ধারণ করে বড় হয় এই মিনার তাদের সেই অনুপ্রেরণার উৎস হবে।” তিনি অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে নগদ অর্থ ও বই তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

উল্লেখ্য ছনুয়া-ফাজিলপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। দীর্ঘ ৫৩ বছর ধরে প্রতিষ্ঠানের হাত ধরে এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। বিদ্যালয়ে নবনির্মিত এই শহীদ মিনার উদ্বোধন করা হলো যা ছাত্রছাত্রীদের ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ধারণ করতে সহায়ক হবে।




















