জর্জিয়া বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা, বিতর্কিত নেতাদের বহিষ্কার চেয়ে ত্যাগীদের আল্টিমেটাম
- আপডেট সময় : ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 310
নিজস্ব প্রতিবেদক | জর্জিয়া, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন কমিটি গঠন নিয়ে চলমান স্বেচ্ছাচারিতা, অর্থের বিনিময়ে পদ বাণিজ্য এবং পকেট কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানিয়েছে দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা।
গত ২৫ মার্চ (বুধবার) রাত ৯টায় স্থানীয় ‘Zouk Indo Pak Restaurant & Event Hall’-এ জর্জিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে (Press Conference) এই প্রতিবাদ জানানো হয়। এ সময় জর্জিয়া বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে ১৪ দফা সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না-সহ শাখার শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন মোঃ ফজলে রহমান চৌধুরী, মোঃ স্বপন, বেলাল পারভেজ, মোঃ ভূঁইয়া নূর, মীর আহাম্মদ, আবু ফারাহ ইকবাল, আতিক মাসুদুর রহমান, মোঃ হাসান (বাছির), এ কে এম খান, মোঃ মাসুদ, আছিরুল হক এবং শাহনূর রহমান। জর্জিয়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, দীর্ঘ ৩০-৪০ বছর ধরে দলের সাথে যুক্ত একনিষ্ঠ কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন, জর্জিয়া বিএনপিতে একটি নির্দিষ্ট চক্র গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে নিজেদের খেয়ালখুশিমতো দল পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে। দলের পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অর্থের বিনিময়ে অযোগ্য ও বিতর্কিত লোকদের নিয়ে পকেট কমিটি গঠনের পাঁয়তারা চলছে। কোন একক ব্যক্তির ইচ্ছা ও অর্থপ্রাপ্তির মাধ্যমে জর্জিয়া বিএনপিকে ব্যক্তিগত সম্পত্তিতে (এলএলসি) পরিণত করতে দেওয়া হবে না বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করা হয় দলের আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন এবং সহ-আন্তর্জাতিক সম্পাদকের বিরুদ্ধে। লিখিত বক্তব্যে বলা হয়, “তারা দলের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলে লিপ্ত হয়েছেন। প্রবাসে দলকে সুসংগঠিত করার পরিবর্তে তারা সাংগঠনিক শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত। অর্থের বিনিময়ে অযোগ্যদের পদায়ন করে তারা জর্জিয়া বিএনপিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।” সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এই বিতর্কিত নেতাদের পদত্যাগ ও দল থেকে বহিষ্কারের জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পঠিত ১৪ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল, অবিলম্বে জর্জিয়ায় গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি প্রদান, দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য নেতাদের অবাঞ্ছিত ঘোষণা, মেয়াদোত্তীর্ণ কমিটির স্বেচ্ছাচারিতা বন্ধ করা এবং অর্থের মাধ্যমে পদ-পদবি প্রদান চিরতরে নিষিদ্ধ করা।
বক্তারা আশা প্রকাশ করেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ও দলের কাণ্ডারি দেশনায়ক তারেক রহমান প্রবাসের ত্যাগী নেতাকর্মীদের এই যৌক্তিক দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ভুল ও বিতর্কিত লোকদের থাবা থেকে জর্জিয়া বিএনপিকে মুক্ত করে একটি নিরপেক্ষ ও গঠনতান্ত্রিক নেতৃত্ব উপহার দেওয়ার মাধ্যমে তিনি প্রবাসে দলের হাতকে আরও শক্তিশালী করবেন বলে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


























