টেলিভিশন এডিটরস কাউন্সিল গঠন, নেতৃত্বে আবদুল হাই-জুবায়ের বাবু
- আপডেট সময় : ১০:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 29
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা ও সংবাদ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পেশাগত ঐক্য জোরদারের লক্ষ্যে যাত্রা শুরু করল ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ (টিইসি)। দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয় । সভায় টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নতুন এই কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ড. আবদুল হাই সিদ্দিক। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জুবায়ের আহমেদ বাবু।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন লোটন একরাম (সম্পাদক, ডিবিসি নিউজ), শফিক আহমেদ (বার্তা প্রধান ও সিওও, একাত্তর টিভি), জিয়াউল কবির সুমন (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন), মোস্তফা আকমল (প্রধান বার্তা সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশন), মো. ফরহাদুল ইসলাম ফরিদ (নির্বাহী সম্পাদক, চ্যানেল নাইন), গাউসুল আজম বিপু (বার্তা প্রধান, গাজী টিভি) এবং মহি উদ্দিন (বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা, দেশ টিভি)।
সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি। এই কাউন্সিল টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষতা ও নৈতিকতা রক্ষার পাশাপাশি সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
পেশাগত প্রশিক্ষণ, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আহ্বায়ক কমিটি দ্রুতই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বলে সভায় জানানো হয়।
বিডিসংবাদ/এএইচএস




















