চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের রাবি সফর
- আপডেট সময় : ১০:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 2
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছেন।
আজ মঙ্গলবার তারা রাবি সফর করেন। রাবি কর্তৃপক্ষের আমন্ত্রণে তারা এই সফরে এসেছেন।
প্রতিনিধিদল সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে তারা চীনে বাংলা ভাষা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, রাবিতে চীনা ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতার উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মসূচি প্রণয়নসহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
চীনা প্রতিনিধিদলে ছিলেন প্রফেসর ঝাঙ ইয়ানমে (ভাইস প্রেসিডেন্ট, ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়), সহযোগী অধ্যাপক হুয়াঙ জিয়েঝং (পরিচালক, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তর), সহযোগী অধ্যাপক লি জিয়ানবো (উপ-পরিচালক, শিক্ষা বিষয়ক কার্যালয়), প্রফেসর উ লঙফেঙ (ডিন, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং স্কুল) ও সহযোগী অধ্যাপক চেন ইনহঙ (ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন)।
রাবি উপ-উপাচার্যদ্বয় চীনা প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইসিটি সেন্টারের অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর মতিন তালুকদার, শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর মো. আবু বকর প্রাং, সহযোগী অধ্যাপক কনক কুমার পাঠক (মৃৎশিল্প ও ভাস্ককর্য বিভাগ) প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধিদলটি বাংলা বিভাগ ও কৃষি অনুষদ পরিদর্শন এবং শিককবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এছাড়া শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি, জুবেরী (অতিথি) ভবন ও নির্মাণাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট ভবন পরিদর্শন করেন। তাছাড়া তারা অন্য কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।
বিডিসংবাদ/এএইচএস



















