ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের উদ্যোগ
- আপডেট সময় : ১০:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 0
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে নতুন উদ্যোগের অংশ হিসেবে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে জানিয়েছেন, এই টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতীয় হাইকমিশন উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
রোববার রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে ফজলুল হক বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠন বেশ ফলপ্রসূ হতে পারে। তিনি সম্ভাবনাময় ও উদীয়মান খাতগুলোতে যৌথ বিনিয়োগের জন্য দুই দেশের উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে বাণিজ্যিক যোগাযোগ ও শুল্ক-অশুল্ক বাধা দূর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ভিসা সংক্রান্ত বিষয়ে ভারতীয় ডেপুটি হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া অনেকটাই সহজ করা হয়েছে এবং প্রতিদিন হাইকমিশন প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করছে। বাণিজ্যের পাশাপাশি এই ভিসা সহজীকরণ প্রক্রিয়া দুদেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।























