চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত কিশোরীর মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 1
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার বাসিন্দা মাহবুব আলমের মেয়ে মুসকান আরা মিম (১৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ড. মাহবুব হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর গত বুধবার রাত একটার দিকে মিমকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তার মৃত্যু হয়।
এদিকে জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র জেলা হাসপাতালেই ৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে সব মিলিয়ে মোট ৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

























