লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য
- আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 4
লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে দিলসাদপুরের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ স্থানীয় বাসিন্দা রুহুল আমিনের ছেলে এবং এলাকায় ‘খোরশেদ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। স্বজনদের দাবি, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ নামের এক ব্যক্তি আগে থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। গুলির ঘটনার পেছনে ওয়ালিদ জড়িত বলে তারা অভিযোগ করেছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, খোরশেদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের বুকে গুলির মতো গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ ফারভেজ জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে এবং তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

























