সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু
- আপডেট সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 4
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগ আটটি নতুন গ্রন্থ প্রকাশ ও সম্পাদনা করেছে। এই প্রকাশনার তালিকায় রয়েছে তিনটি সাহিত্যপত্র, একটি বিশেষ প্রবন্ধ স্মারক, রাকসু পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত তিনটি বই এবং একটি হলভিত্তিক সাময়িকী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্যচর্চার বিস্তার, জাতীয় ইতিহাস সংরক্ষণ এবং নতুন লেখকদের উৎসাহিত করার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা ক্যাম্পাসে বিতর্ক ও সাহিত্য অঙ্গনে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের কাজ করছেন। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের বিতর্ক উৎসব, আলোচনাসভা, পাঠচক্র এবং প্রমিত উচ্চারণ বিষয়ক কোর্সের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে বিতার্কিকদের পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন আবাসিক হলগুলোতে ম্যাগাজিন প্রকাশের ক্ষেত্রেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রাকসু সাহিত্যপত্রের অধীনে রয়েছে ‘বিপ্লবী হাদি সংখ্যা’, ‘জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক গল্পসংখ্যা’ ও ‘স্মৃতিচারণ সংখ্যা’। এছাড়া নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘জাগরণ’ নামের একটি বিশেষ প্রবন্ধ স্মারক প্রকাশিত হয়েছে। পাশাপাশি রাকসু পাণ্ডুলিপি পুরস্কারজয়ী তিনটি বই—‘যে রক্ত আগুন জ্বালিয়েছে’, ‘বিদ্রোহী রোদে ভেজা ঘাস’ এবং ‘পুলু মামা দ্য গ্রেট’ পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর বাইরে সোহরাওয়ার্দী হল থেকে প্রকাশিত হয়েছে হলভিত্তিক প্রকাশনা ‘সোহরাওয়ার্দী দর্পণ’।
এই উদ্যোগের বিষয়ে রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের জাতীয় ইতিহাসে ছাত্র-জনতার এক অনন্য বিপ্লবী অধ্যায়। এই অভূতপূর্ব আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে জাতীয় পর্যায়ে সমৃদ্ধ করার দায়বদ্ধতা থেকেই এই বিশেষ প্রকাশনাগুলো আনা হয়েছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই গ্রন্থগুলো কেবল ইতিহাস সংরক্ষণ ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না, বরং বাংলা সাহিত্যকেও সমৃদ্ধ করতে সহায়ক হবে।



















