অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
- আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 0
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে তারা দুই দফা দাবি তুলে ধরে আগামী ৭২ ঘণ্টার মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। এর আগে, কলেজের সামনের রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে মধ্যরাতে পুলিশের হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণে প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কলেজের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এরপরই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীদের এই আন্দোলনের নেপথ্যে রয়েছে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত স্নাতকোত্তর শেষ বর্ষের বিদায় অনুষ্ঠান নিয়ে সৃষ্ট জটিলতা। পূজার ছুটির আগে আয়োজিত ওই অনুষ্ঠানটি রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও তা ভোর ৫টা পর্যন্ত গড়ায়। নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়াম ব্যবহারের দায়ে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ ড. মেহেরুন নেছা। পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এ ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং শিক্ষার্থীরা আন্দোলনের পথে নামেন।

























