সংসদের চতুর্থ অধিবেশন আজ, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে
- আপডেট সময় : ১০:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 1
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। সংসদ ভবনে বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচিত হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, এক অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এই শর্ত পূরণের লক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এটি ১৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, এবারের অধিবেশনটি সংক্ষিপ্ত পরিসরে পরিচালিত হবে। আগামী জানুয়ারিতে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময়কাল কম রাখা হয়েছে। এতে ৫ থেকে ৬টি নতুন বিল উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশন চলাকালীন নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়টিও তালিকায় থাকছে।
এর আগে গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভার সিদ্ধান্ত অনুযায়ী, শুক্র ও শনিবার বাদে সপ্তাহের প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে।
অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যদের কাছ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং বিভিন্ন মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। এছাড়া বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বর এলাকাকে ধূমপানমুক্ত ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন, যা উপস্থিত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন থাকছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।























