পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা
- আপডেট সময় : ০৬:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার পরাজ গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন ব্যবসায়ী শামসুদ্দিন মিদিয়া। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের পুরস্কার হিসেবে নিজের ১৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ তালহাকে উপহার দিয়েছেন প্রায় ১ কোটি ৬২ লাখ রুপি মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি। নবম শ্রেণির এই শিক্ষার্থী দীর্ঘদিন ধরেই এমন একটি স্পোর্টস কুপ গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখছিল। ছেলের এই স্বপ্নের কথা জেনে বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করতে পারলে তিনি তা পূরণ করবেন। কথা অনুযায়ী, ফল প্রকাশের পর মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি শোরুম থেকে তিনি শৌখিন এই গাড়িটি ক্রয় করেন। পরীক্ষার ফল প্রকাশের পর কথা রাখতেই মুম্বাইয়ে যান তিনি।
মুম্বাই থেকে বিশেষ আবদ্ধ কনটেইনারে করে গাড়িটি গত ৬ নভেম্বর শুক্রবার গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। গাড়িটি দেখার জন্য ভিড় করেন উৎসুক স্থানীয়রা। ছেলের সাফল্যের স্বীকৃতি হিসেবে বাবার এই বিশাল উপহার সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও, অপ্রাপ্তবয়স্ক কিশোরের জন্য এত দামি গাড়ি কতটা উপযোগী তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ ছেলের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বাবার এই উদ্যোগের প্রশংসা করছেন।
যে গাড়িটি তালহা উপহার পেয়েছে, সেটি জার্মানির বিখ্যাত বিএমডব্লিউ প্রতিষ্ঠানের তৈরি অন্যতম শক্তিশালী স্পোর্টস মডেল। ৩.০ লিটারের টুইন-টার্বোচার্জড ইনলাইন ছয় সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন সমৃদ্ধ এই গাড়িতে ৫৩০ বিএইচপি ক্ষমতা এবং ৬৫০ নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়। আট গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্স ও অল-হুইল ড্রাইভ সিস্টেমের এই গাড়িটি মাত্র ৩.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত নির্ধারিত, যা ইলেকট্রনিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হয়েছে। বাহ্যিক নকশায় কার্বন ফাইবারের ব্যবহার, হলুদ হেডলাইট এবং বিশেষ কিডনি গ্রিল গাড়িটিকে দিয়েছে আভিজাত্যপূর্ণ রূপ। এর অভ্যন্তরে এম কার্বন বাকেট সিটসহ বিএমডব্লিউর এম সিরিজের বিশেষ সব নকশা ও প্রযুক্তির সন্নিবেশ রয়েছে।

























