২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি
- আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বুধবার (১১ নভেম্বর) জারিকৃত এই নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে মেধাক্রম যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৫০ নম্বর, যার মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। এই পরীক্ষার সময়সীমা এক ঘণ্টা। অন্যদিকে, চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বর। এতে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে, যার জন্য সময় বরাদ্দ থাকবে দুই ঘণ্টা। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে এবং বাকি ২০ শতাংশ আসনে বাইরের এলাকার শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে। ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করা হবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থীর বসবাসের ঠিকানার ওপর ভিত্তি করে। একই এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটি বেছে নিতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে ছয় বছর বা তার বেশি হতে হবে। বয়স প্রমাণের জন্য অনলাইনে জন্মনিবন্ধন সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। প্রতি শ্রেণির প্রতিটি শাখায় শিক্ষার্থী সংখ্যা ৫৫ জনের বেশি রাখা যাবে না। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।
ভর্তিতে বিভিন্ন কোটা সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং এতিমখানা বা লিল্লাহ বোর্ডিংয়ের শিশুদের জন্য ১ শতাংশ আসন বরাদ্দ থাকবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তা সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে।
সরকারি চাকরিজীবীদের বদলিজনিত কারণে সন্তানদের ভর্তির বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পেয়েছে। বদলির আদেশের ১২ মাসের মধ্যে আবেদন করলে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসনে তাদের ভর্তির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নতুন কর্মস্থল যদি পূর্বের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হয়, তবেই এই সুবিধা কার্যকর হবে। মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তান নতুন কর্মস্থলের নিকটবর্তী সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
অনলাইনে ভর্তি আবেদন ফরমের মূল্য প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়ম রোধে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হবে। নির্ধারিত ফি-এর চেয়ে বেশি টাকা আদায় করলে বা নীতিমালা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

























