আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ
- আপডেট সময় : ০২:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 0
পুলিশের অভ্যন্তরীণ এবং অতি সংবেদনশীল তথ্য আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক ও পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সরকারি ও ব্যক্তিগত—এই দুটি ফোনই এখন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সূত্র মারফত জানা গেছে, গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে কিছু তথ্য ফাঁসের প্রমাণ মেলায় তাঁর ফোনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, প্রশাসনিক প্রয়োজনে তাঁকে তলব করা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তাধীন বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে তিনি জানান, তদন্ত প্রক্রিয়া চলছে। এদিকে অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ফোন দুটি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে ফরেনসিক পরীক্ষা করানো হচ্ছে। বার্তার আদান-প্রদানসহ কোনো ধরনের অনৈতিক যোগাযোগের প্রমাণ মিললে তা প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে।
রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের ভাষ্যমতে, জাহাঙ্গীর আলমের মোবাইলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ তথ্য থাকার অভিযোগ রয়েছে। তবে ফোন জব্দ থাকায় তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি। প্রসঙ্গত, ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদানকারী জাহাঙ্গীর আলম বর্তমানে আরআরএফ কার্যালয়ে কর্মরত আছেন।























