শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না
- আপডেট সময় : ০৮:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে সামরিক বিমান পাঠানো এবং তার ন্যায়বিচার নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে বলে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে এসব শর্তের কথা সামনে এসেছে এবং তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সব উদ্যোগও ব্যর্থ হয়েছে।
গত ১৩ নভেম্বর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি কোনো সুনির্দিষ্ট জবাব না দিয়ে সরাসরি বলেন, এ বিষয়ে তার কিছু বলার নেই।
একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে। এর জবাবে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে ভারত সবসময়ই আগ্রহী। তিনি আরও বলেন, দুই দেশের স্বার্থে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনার মতো ক্ষেত্রগুলোতে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় ভারত কাজ করে যাচ্ছে এবং নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।
জয়সওয়াল আরও উল্লেখ করেন যে, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণব্যবস্থাসংক্রান্ত সংশোধিত নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিপক্ষীয় সব অমীমাংসিত বিষয়ে বিদ্যমান কাঠামোর আওতায় আলোচনা করতে ভারত প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।























