ব্যাংকে না গিয়েই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা
- আপডেট সময় : ১১:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 3
ব্যাংকে সশরীরে উপস্থিত না হয়েই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ পাওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-ঋণ’ নামের এই বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ গ্রহণ করতে পারবেন। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সুবিধাটি ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কিমটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমেই মূলত এই ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, মোবাইল আর্থিক সেবা বা ই-ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে ঋণের জন্য আবেদন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ার কারণে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং সহজে প্রয়োজনীয় অর্থ পাওয়ার পথ সুগম হবে।
এই ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশ সুদে এই ঋণ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক বার্ষিক মাত্র ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে।
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষ করে নারী উদ্যোক্তা, প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থীদের ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যারা প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন, তাদের আয়বর্ধক কাজে সহায়তা করাই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য।
জামানত দিতে হয় না বলে প্রচলিত ব্যাংকিং প্রক্রিয়ায় যারা ঋণ পেতে সমস্যায় পড়েন, তাদের জন্য এই স্কিমটি বেশ কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এর ফলে ক্ষুদ্র ঋণ সহজলভ্য হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেনের আগ্রহ ও সক্ষমতা বাড়বে। এটি পরোক্ষভাবে নগদ অর্থের ব্যবহার কমিয়ে একটি ক্যাশলেস বা নগদবিহীন সমাজ গঠনে ভূমিকা রাখবে এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত গড়ে তুলতে সহায়তা করবে।

























