ইসরায়েলবিরোধী কাউকে নেতা মানবেন না ডেমোক্রেট সিনেটর ফেটারম্যান
- আপডেট সময় : ০৭:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 8
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ নেতৃত্বের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন সিনেটর জন ফেটারম্যান। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলের প্রতি বৈরী মনোভাবাপন্ন কাউকে সিনেটের নেতা নির্বাচিত করা হলে তিনি দল ছাড়ার কথা বিবেচনা করতে পারেন। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দলত্যাগের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতি তার জন্য একটি রেডলাইন বা সীমারেখা। জবাবে ফেটারম্যান বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’। এ সময় সিনেটের নেতৃত্ব নির্বাচনে তার এমন কোনো সীমারেখা আছে কি না, যা অতিক্রম করলে তিনি দল ছেড়ে যেতে পারেন—এমন প্রশ্ন করা হয়।
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি সিনেটে ৫৫টি আসন অর্জন করেছে। দলের বর্তমান নেতা চাক শুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। মূলত তার প্রার্থিতাকে কেন্দ্র করেই ফেটারম্যানের এই কঠোর অবস্থান। ফেটারম্যান বলেন, ভোটাররা পরিবর্তন চাইলেও ইসরায়েলের বিপক্ষে পরিচিতি পাওয়া কাউকে নেতা হিসেবে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে ভ্যান হোলেন চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।
উল্লেখ্য যে, ২০২৫ সালের সেপ্টেম্বরে গাজা সীমান্ত পরিদর্শনের পর থেকেই ভ্যান হোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার অভিযোগ, নেতানিয়াহু সরকার গাজার অবকাঠামো ধ্বংসের পাশাপাশি খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে, ফেটারম্যানের রাজনৈতিক দর্শনের অন্যতম মূল ভিত্তি হলো ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন। তিনি দুইবার ইসরায়েল সফর করেছেন এবং ওয়াশিংটনে অন্তত চারবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
ডেমোক্র্যাটরা এবার ৫৫টি আসন পাওয়ায় ফেটারম্যান দল ছাড়লেও দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর কোনো শঙ্কা নেই। এর আগে দলটি যখন মাত্র ৫১টি আসনে জয়ী হতে পারে বলে আলোচনা ছিল, তখনও ফেটারম্যানের রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। বর্তমানে নেতৃত্বের পরিবর্তনের দাবি উঠলেও ফেটারম্যানের মতো ইসরায়েলপন্থি নেতাদের আপত্তির মুখে দলের অভ্যন্তরীণ ঐক্যে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
























