মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০১:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 3
শোষিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার আজীবন সংগ্রামী নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তী সময়ে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা ও সন্তোষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পক্ষ থেকেও মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী দেওয়া হয়েছে। এটি আগামীকাল ১৭ নভেম্বর শেষ হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের শাসন-শোষণবিরোধী লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি ধাপে তিনি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর। ব্যক্তি স্বার্থ বা ক্ষমতার চেয়ে জনস্বার্থ এবং ন্যায়ের প্রশ্নে তিনি বরাবরই আপসহীন ছিলেন। কৃষক, শ্রমিক ও ভূমিহীন দরিদ্র মানুষের অধিকারকে তিনি তার রাজনীতির মূল কেন্দ্রে স্থাপন করেছিলেন। তার কাছে স্বাধীনতা ছিল কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নয়, বরং মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির নামান্তর।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্ম ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় হাতেখড়ি হওয়ার পর তিনি ভারতের দেওবন্দে ইসলামি উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তবে তার কর্ম ও চিন্তাধারা কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের অসংগতি ও শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় তিনি বলিষ্ঠ নেতৃত্ব দেন। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি এর প্রথম সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরিতে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধকালে তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন। সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জনগণের অধিকার, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য এবং গণতান্ত্রিক জবাবদিহির দাবি জানান।
স্বাধীন বাংলাদেশেও তিনি শোষনমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে নিজের অবস্থান ধরে রাখেন। ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফেরার পর রাষ্ট্রের জবাবদিহি এবং জনস্বার্থ রক্ষায় তিনি নিয়মিত সরব ছিলেন। বিশেষ করে ১৯৭৩ সালে খাদ্যসংকটের সময় তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের প্রতি তার গভীর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশেষ জাতীয় কমিটি গঠন করেছে। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই কমিটির আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলার আয়োজন করা হয়েছে, যা আজ ১৭ নভেম্বর শেষ হচ্ছে।

























