গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সচল অনেক কারখানা
- আপডেট সময় : ১১:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 4
গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার শ্রমিক আন্দোলনের মুখে যেসব পোশাক কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছিল, বুধবার সকাল থেকে সেগুলোর অধিকাংশেই আবারও উৎপাদন কাজ শুরু হয়েছে। সরেজমিনে বিভিন্ন শিল্প এলাকায় শান্ত পরিবেশ পরিলক্ষিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে ছুটি ঘোষণা করা অনেক কারখানা বুধবার (১৮ নভেম্বর) আবারও উৎপাদন শুরু করেছে। গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা ঘুরে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভোগড়া বাইপাস, নাওজোড়, সদর উপজেলার ভবানীপুর, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার, শিরিরচালা এবং ১ ও ২ নম্বর সিএনবি বাজারসহ বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তপ্ত পরিস্থিতিতে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুরের পর আসপাডা মোড়সহ বেশ কিছু এলাকায় আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার অন্তত অর্ধশতাধিক কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছিল। গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, বুধবার পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি এবং আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে দায়িত্ব পালন করছেন।


























