গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট
- আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 6
গাজীপুরের শ্রীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী ও আনসার রোডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে নেমে আসেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। এক পর্যায়ে তারা মহাসড়কে এসে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা বিবেচনায় স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ দিনের মতো ছুটি ঘোষণা করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কিছু স্থানে অবরোধ অব্যাহত ছিল।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, মহাসড়কের পরিবেশ স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

























