গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, অস্ত্র হাতে আওয়ামী লীগ কর্মীদের মহড়া
- আপডেট সময় : ০১:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 7
গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়ায় বিএনপির কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন স্থানে আইন অমান্যকারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ড দেখা যায়। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এলাকা জুড়ে হেলমেট পরিহিত কর্মীরা দেশীয় অস্ত্রসহ মহড়া দিচ্ছে। শহরের লঞ্চঘাট মোড়, মাদ্রাসা মোড় ও জেলা পরিষদ ডাকবাংলোসহ বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। এ সময় মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে লঞ্চঘাট মোড় এলাকায় জমায়েত আরও বৃদ্ধি পায়। তবে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। বুধবার থেকে শুরু হওয়া হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। দোকানপাট বন্ধ থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে এবং সড়কে মানুষের চলাচল কমে গেছে।

























